নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুলের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। অন্য প্রার্থী এমএ রশিদের লোকজন এ হামলা করেছে বলে অভিযোগ মুকুলের। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মদনপুর স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। হামলায় দুজন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে প্রচারণায় ব্যবহৃত মাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা।
মুকুল বলেন, ‘নিয়ম মেনে ব্যাটারিচালিত অটোরিকশায় মদনপুর ইউনিয়ন ঘুরে মাইকে প্রচারণা চলছিল। এ সময় এমএ রশিদের লোকজন হামলা চালায় এবং মাইকে প্রচারকারী ও অটোরিকশা চালককে মারধর করে। হামলাকারীদের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী অহিদ। মারধর ও অটোরিকশা ভাংচুরের পর তারা মাইকটিও ছিনিয়ে নেয়।’
এর আগে একই স্থানে গত রোববার সন্ধ্যায় মুকুলের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তার শ্যালকসহ তিনজন আহত হন।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি হামলার বিষয়ে জানি না। আমার কোনো সমর্থক এর সঙ্গে জড়িত নয়।’
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নকারীদের ছাড় দেয়া হবে না।’










