মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালীন সময় কৃষকদল কর্মী সজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সুপারসহ উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সরাসরি মদদেই সজিবকে হত্যা করা হয়েছে। তাদের সবার বিচার হবে। আমরা মামলার প্রস্তুতি নিয়েছি।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের গো-হাটা রোডস্থ এ্যানীর বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত শোক সভা অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা বিএনপির আহ্বায়ক।
পুলিশ সুপারকে উদ্দেশ্য করে এ্যানী বলেন, সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসীদের পাহারা দিবেন, আর রক্তের হলি খেলায় মেতে উঠছেন। সেই পদক্ষেপ গ্রহণ করছেন?
তিনি বলেন, পুলিশ সুপার আওয়ামী ঘরানার লোক। বর্তমানে তিনি বদলি হয়েছেন। কিন্তু দুর্নীতির কারণে ভালো জায়গায় বদলি হয়নি। সেজন্যই সরকারকে দেখাতে চাচ্ছেন তিনি আওয়ামী লীগের একজন স্বচ্ছকর্মী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে এ্যানী বলেন, গত ১৮ জুলাই বিএনপির পদযাত্রায় গুলি করে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক সহ ২০০ থেকে ২৫০ নেতাকর্মীকে আহত করেছে পুলিশ। তারা বর্তমানে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার উপর আবার ৩ হাজার নেতাকর্মীরকে আসামি করে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। এদিকে আবার নিহত সজিবের বাবা-মাকে তুলে এনে থানায় অজ্ঞাত নামা আসামি করে মামলা রুজু করা হয়েছে। সব কিছুই পুলিশ সুপারের যোগসাজশে করা হয়েছে। আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পর পুলিশ সুপারের বিরুদ্ধেও আদালতে মামলা হবে বলে জানান বিএনপির এ নেতা
শোক সভায় নিহত কৃষকদলের কর্মী সজিবের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিএনপি নেতারা। জেলা বিএনপির আয়োজিত এ শোক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর থানা বিএনপির সভাপতি মাইউদ্দিন চৌধুরী রিয়াজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।










