টাঙ্গাইলে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইকা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০) ও ছেলে সিয়াম (৩) এবং দরদ আলীর ছেলে ভ্যানচালক ফরহাদ (৪৫)।
স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাওয়ার পথে গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত শিশুকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার উপ-পরিদর্শক মুরাদ জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।










