বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে দুই সপ্তাহব্যাপী চলমান এসএম সুলতান মেলার অষ্টম দিনে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে গতকাল দুপুরে এ লড়াই শুরু হয়।

বিভিন্ন এলাকা থেকে আসা ৮১টি ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়। জমজমাট এ লড়াই দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।

লড়াইয়ে ভীত ষাঁড় আবার দর্শকদের আহত করেও পালিয়ে যায়। উত্তেজনা আর ভয় নিয়ে দর্শকরা হাজার বছরের এ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই উপভোগ করেন। দর্শনার্থীরা বলছেন, তারা সারা বছর অপেক্ষায় থাকেন কবে সুলতান মেলা হবে আর তারা এ খেলা উপভোগ করতে পারবেন।

৭ জানুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১৪ দিনব্যাপী মেলা উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশীদ। মেলায় প্রতিদিনই দুপুরের পর থেকে রাত পর্যন্ত থাকছে চিত্র প্রদর্শনী, সেমিনারসহ নানা আয়োজন। মেলাকে উপভোগ্য করে তুলতে প্রতি সন্ধ্যায় সুলতান মঞ্চে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠান দেখতে ভিড় করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মেলাকে ঘিরে গোটা শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে মেলা প্রাঙ্গণ।