নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করেছে দলটি। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সহ দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী রোববার (১১ জানুয়ারি) থেকে চারদিনের সফরে তারেক রহমানের উত্তরাঞ্চলে যাওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪'এর ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জেয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হচ্ছে।

এর আগে, চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছিল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।