রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৪৬ হাজার টাকারও বেশি দামে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কেনাবেচার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান শেখ বলেন, সোমবার ভোরে কবিরসহ কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে বের হন। বিভিন্ন জায়গায় জাল ফেলেও কোনো মাছ না পাওয়ার পর তারা দৌলতদিয়ার কলাবাগান এলাকায় জাল ফেলেন। সেখানে বড় ঢাই মাছটি ধরা পড়ে। পরে কবির হালদার মাছটি স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে বিক্রি করেন।

শাহজাহান জানান, তিনি মাছটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় কিনেছেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজি প্রতি ২০০ টাকা লাভে খুলনার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন।