ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেয়ার নামে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। তারা জানিয়েছে, হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে একটি প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জনসচেতনতামূলক বার্তায় এ সতর্কতা দেয়া হয়।

এতে বলা হয়, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা প্রদানের প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়।

হাইকমিশন জনসাধারণকে এ ধরনের প্রতারণামূলক যোগাযোগের ক্ষেত্রে কোনো অর্থ প্রদান না করা এবং ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ ঘটনাটি [visa.dhaka@mea.gov.in](mailto:visa.dhaka@mea.gov.in) ই-মেইলে ভারতীয় হাইকমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।