বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিগত ১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ৬২ লাখ রাজনৈতিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ সময়ে মামলা হয়েছে ১ লাখ ৫২ হাজার। যারা ১৬ বছর ধরে মানুষের জন্য সংগ্রাম করে গেছেন এবং মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন, তাদের ভুলে গেলে চলবে না। আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের ভুলে গেলে চলবে না। তাদের অবদানও স্মরণ করতে হবে।’

গতকাল দুপুরে ফেনীতে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। জবাবদিহিমূলক সরকার ফিরিয়ে আনুন। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি এবং দিয়ে যাব। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোড ম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময়ক্ষেপণ ঠিক হবে না।’

তিনি বলেন, ‘টেকসই সংস্কার প্রয়োজন। না হলে সংস্কার হবে মূল্যহীন। বিভক্তির মাধ্যমে সমাধান হবে না। যারা অন্যায় করেছে, অবশ্যই তাদের বিচার হতে হবে। আইনকে নিজের হাতে তুলে নেয়া যাবে না। এ সরকারকে জনগণের সরকার বলা যাবে, তবে নির্বাচিত সরকার বলা যাবে না।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।