রাজধানীর ফার্মগেটের সড়ক ছেড়ে দিয়েছেন তেজগাঁও কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সড়ক থেকে কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফার্মগেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান তারা।

এর আগে ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর জেরে ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। এতে ফার্মগেটসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ধাক্কাধাক্কি থেকে পরিস্থিতি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। রানার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। পরে তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, শিক্ষার্থীরা যে দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের দাবি মেনে নেয়া হয়েছে। ঘটনাস্থলে আজ কলেজের অধ্যক্ষ নিজে এসেছিলেন। কলেজের অধ্যক্ষ ও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়, রানা হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া কলেজ কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেয় যে, তাদের ক্যাম্পাসের ভেতরের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করা হবে। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়।