ময়মনসিংহ নগরীর বাঁশবড়ি কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল ছাত্রলীগের দুটি গ্রুপের। দ্বন্দ্ব মেটাতে সালিশ বসানো হলে তার মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মো. আজমুন (১৮) ও মাহমুদুল হাসান জয় (২২) নামে দুজন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ছাত্রলীগ নেতা শ্রাবণ ও সাদমান গ্রুপের দ্বন্দ্ব মেটাতে কলোনি বাজারে বৈঠকে বসেন স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন ও কাউন্সিলর আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনার একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয় দুজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শ্রাবণ ও স্থানীয় ছাত্রলীগ কর্মী সাদমানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্ব মেটাতে সালিশ বসানো হলে তার মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।