ভূমি অফিসসমূহের
অব্যবস্থাপনা ও অনিয়ম দূরীকরণের জন্য হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে
ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন কার্যক্রমের মাধ্যমে ভূমিসেবা প্রদান করা হচ্ছে বলে
জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে
তিনি এ কথা বলেন।
সরকারি দলের
সংসদ সদস্য হাবিবুর রহমানের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ভূমি অফিসসমূহের
অব্যবস্থাপনা ও অনিয়ম দূরীকরণের জন্য বিনা হয়রানি ও দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা
দিয়ে ভূমি মন্ত্রণালয় ডিজিটালাইজেশন কার্যক্রমের মাধ্যমে ভূমিসেবা প্রদান করে যাচ্ছে।
ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নিয়ে ৮
বিভাগের ১৬টি জেলার ৩২টি উপজেলায় ও ৬৪ ইউনিয়ন ভূমি অফিস কাজ করছে।
মন্ত্রী জানান,
বর্তমানে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা, কেস ম্যানেজমেন্ট সিন্টেম, অনলাইনে
জলমহাল ইজারা, ডাকযোগে খতিয়ান, পর্চা ও ম্যাপ দ্রুত সময়ে প্রদান করা হচ্ছে। তাই নাগরিক
ঘরে বসে ১৬১২২ নম্বরে কল করে ৭ দিন ২৪ ঘণ্টা অনলাইনে তার কাঙ্খিত ভূমিসেবা পাচ্ছে।
উপজেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় জনসচেতনতার
লক্ষ্যে সিটিজেন চার্টার স্থাপন করা হয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো
অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে বিভাগীয় মামলার মাধ্যমে ব্যবস্থা
নেওয়া হয়।










