ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজনের প্রাণহানির
ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় চুমুরদী
নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন
আরো ১০ জন।
নিহতদের একজনের পরিচয় জনা গেছে। পরিচয়
পাওয়া নিহত শফিকুল ইসলাম (৪৫) পাবনা জেলার সাঁথিয়া থানার মৃত ইদ্রিসের ছেলে। নিহত বাকি
দুজনের বয়স যথাক্রমে ৩০ ও ৪৮ বছর। এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খাইরুল
আনম জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী নামক স্থানে নিয়ন্ত্রণ
হারিয়ে ইমরান পরিবহনের একটি বাস উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে
হতাহতদের উদ্ধার করেন তারা।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং
আহত ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এছাড়া ফরিদপুর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেয়ার পথে গুরুতর আরেক আহত ব্যক্তি প্রাণ হারান।
দুর্ঘটনায় দুমড়ে যাওয়া বাসটি উদ্ধার
করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হযয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।










