ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজটে একেবারেই থমকে গেছে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা। টোল আদায় বন্ধ, অতিরিক্ত যানবাহনের চাপ ও ধীরগতির গণপরিবহনের কারণে এ অচলবস্থা তৈরি হয়েছে। ফলে উত্তরবঙ্গগামী লেনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা জোড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার বিকেলে মহাসড়কের এলেঙ্গা, পৌলী, রাবনা, আশেকপুর ও ভাতকুড়া এলাকা ঘুড়ে এ চিত্র দেখা গেছে।

ট্রাক, পিকআপ, বাসসহ নানা গণপরিবহনে করে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। তবে যানজটের কারণে বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। গন্তব্যে কখন পৌছাবে এ নিয়েও সংশয়ে রয়েছেন তারা। 

ট্রাকের ছাঁদে ভ্রমন করা বগুড়াগামী যাত্রী পোশাককর্মী মনিরা জানান, বাস ও ট্রেনে টিকিট না পেয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে ট্রাকেই যাত্রা করেছেন তিনি। ঢাকা থেকে রওনা দেয়ার পর থেকেই বিভিন্ন স্থানে জ্যামে পড়েছেন তিনি। 

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান বলেন, ব্যাপক যানবাহনের চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মহাসড়কের সেতু পূর্ব থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত কোথাও থেমে আবার কোথাও ধীরগতি চলছে গণপরিবহন। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর রয়েছে পুলিশ।