নেত্রকোনার কলমাকান্দায় হাত-পা বাঁধা ও আগুনে দগ্ধ অবস্থায় এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের নিজবাড়ির পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যবসায়ী হচ্ছেন তেরোতোপা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মুজিবুর রহমান (৫০)।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুজিবুরের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে পুকুরের পাশে জমিতে আগুন দেখতে পান এলাকাবাসী। তখন এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় আগুনে দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মুজিবুরের মরদেহ শনাক্ত করেন তার স্বজনেরা।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মুজিবুরকে হত্যার পর হাত-পা বেঁধে তার শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়।