মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধ্বংস করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে।’
গতকাল দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান প্রমুখ।
সভা শেষে ১১ মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন মন্ত্রী শ. ম. রেজাউল করিম। এর আগে মন্ত্রী সকালে জাতির পিতার ম্যুরাল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।










