টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারের একটি পাটের গুদামে সোমবার রাতে অভিযান চালিয়ে ৭৩ বস্তায় ২ দশমিক ২ টন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৬০) ও একই উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেল (২৮)।
র্যাব-১২ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব সদস্যরা ছিলিমপুর বাজারের সেকান্দরের পাটের গুদামের ভেতর থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করেন। এ সময় পাচারের জন্য মিনি ট্রাকে রাখা ৫০ বস্তাসহ মোট ৭৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়।
র্যাব জানায়, অভিযানকালে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজ মন্ডল ও মো. সোহেলকে আটক করা হয়। তাদের নামে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।










