দেশে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধরণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে শুরুতেই লিটারপ্রতি প্রায় ১৬ টাকা দাম কমেছে। কমিশন দাম নির্ধারণের আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতি লিটার ফার্নেস অয়েল ৮৬ টাকা দরে বিক্রি করত।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা। সেই হিসাবে প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৯০ পয়সা। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।
কমিশন বলছে, ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের জন্য ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রস্তাব দেয় বিপিসি। পরে তেল বিপণন কোম্পানিগুলো বিপণন চার্জ ও সমন্বিত পরিবহন চার্জ বাড়ানোর প্রস্তাব জমা দেয়। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ২০২৫ সালের ২৬ মে, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ৩ জুন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ২৬ জুন এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ১১ জুলাই প্রস্তাব জমা দেয়।
এসব প্রস্তাবের ওপর চলতি বছরের ২৯ জানুয়ারি গণশুনানি গ্রহণ করে বিইআরসি। প্রস্তাবকারী ও আগ্রহী পক্ষগুলোর জন্য ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত মতামত দেয়ার সুযোগ রাখা হয়। সব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে কমিশন নতুন মূল্য নির্ধারণ করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।









