ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে টর্চলাইট জ্বালিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ সময় প্রায় ৩ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে আজিজের গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গত ৯ জুন সন্ধ্যায় উপজেলা সদরের পাঠানপাড়ায় ফুচকা খেতে যায় উত্তরপাড়ার দুই কিশোর। খাওয়া শেষে হাত মোছার টিস্যু চাওয়া নিয়ে দুই কিশোরের সঙ্গে ফুসকার দোকানের এক কর্মচারীর বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই কিশোরকে মারধর করা হয়। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসেঁাটা ও ইটপাটকেল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ওপর টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।