সহকর্মী এক অধ্যাপকের বিরুদ্ধে খুনের হুমকি প্রদানের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। একাডেমিক কমিটিতে করা অভিযোগপত্রে তিনি লিখেছেন, সম্প্রতি জার্নাল কমিটির একটি সভায় ওই বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তাকে খুন করবেন বলে হুমকি দিয়েছেন।

গতকাল বিভাগের একাডেমিক কমিটির কাছে দেয়া অভিযোগপত্রে ঘটনার বিবরণ তুলে ধরেন ড. শহিদুল।

ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক শহিদুল ইসলাম একাডেমিক কমিটির কাছে দুটি প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি পাঠানো এবং তদন্ত না হওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে বিভাগের সব একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া।

অভিযোগের বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেন, দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা সেটা সমঝোতা করে ফেলেছি।