পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। 

বুধবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ উৎসব ২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডস্থ পূর্ব বাসাবোর প্রিন্স গার্ডেন কন্সট্রাকশন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, বায়ু দূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। বায়ু দূষণে এককভাবে নয় যৌথভাবে কাজ করা হলে আগামী বছর কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদুল ফিতর একটি আনন্দের উৎসব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। 

সাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজনের পরিবর্তে ঐ অর্থে সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সকলের উচিত ধনী ও দরিদ্র সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়া।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবুজবাগ থানার আওয়ামী লীগের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।