নেত্রকোনায় অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন আইস ললি এবং ম্যাংগোবার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে আজ (বুধবার) দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম এই অভিযান পরিচালনা করেন।

মেসার্স ছিদ্দিক স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন নয় বস্তা পণ্য এবং আট কার্টন আইস ললি ও ম্যাংগোবার জব্দ করা হয়। যার অনুমান মূল্য ৭০ হাজার টাকা। এ সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানাসহ তাত্ক্ষণিক সীলগালা করে দেয়া হয়। পরে জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উত্পাদন করায় কাউসার সিলেট বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরো দু’টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিলউদ্দীন ও বারহাট্টা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সালাম। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম।