মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে চট্টগ্রাম থেকে রওনা দেয়া উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। রওনা দেয়ার চারদিন পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ স্যালভেজ-২। আগামীকাল সকালে উদ্ধার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তীব্র স্রোতে এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেনি স্যালভেজ-১। জেনুইন এন্টারপ্রাইজের কর্মকর্তা ইয়ার মোহাম্মাদ বণিক বার্তাকে জানান, এরইমধ্যে স্যালভেজ-২ ঘটনাস্থলে পৌঁছেছে। আরো ৪ টি বার্জ উইন্স আসার কথা রয়েছে। 

ডুবুরি দলের প্রধান আবদুর রহমান জানান, গত চারদিনে ডুবুরিরা নদীর তলদেশে ফেরির ভেতরে নজেলিং ও সলিং করে পলিমাটি সরানোর কাজ করেছে । এছাড়া মোটা লোহার তার লাগিয়ে দিয়েছে । উদ্ধারকারী ভ্যাসেল বার্জ উইন্স ঘটনাস্থলে এসেছে। এবার ফেরিটি তোলার কাজ শুরু করা যাবে ।

এদিকে উদ্ধার কাজের তত্ত্বাবধানে থাকা নৌবাহিনীর ডাইভিং অ্যান্ড স্যালভেইজ ইউনিটের নির্বাহী কর্মকর্তা কমান্ডার ফয়েজ বলেন, আগামীকাল শুক্রবার থেকে ফেরিটি তোলা কাজ শুরু করা যাবে। এছাড়া আরো চারটি বার্জ উইন্স ফেরি উদ্ধার কাজে যোগ দিবে বলেও তিনি জানান।

জেনুইন এন্টারপ্রাইজের ম্যানেজার অজয় দেবনাথ জানান, স্যালভেজ-১ চাঁদপুর এলাকা পার হয়ে ঢাকার কাছাকাছি রয়েছে। স্রোতের কারনে আসতে দেরি হচ্ছে। 

গত ২৭ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাটের কাছে পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেল নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার ব্যর্থতার পর ফেরি উদ্ধারের দায়িত্ব দেয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে।