নেত্রকোনার মদনে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলেও গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীরকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামের মঞ্জুরুল হক ও রাব্বি মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।

মদন থানার ওসি মো. হাসনাত জামান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।