দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ওপর
দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায়
জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ পরিপ্রেক্ষিতে বন্ধ
ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের
জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ। তিনি জানান, শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় জেলায় সব
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.
নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি। জেলার ওপর দিয়ে শৈত্য
প্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে প্রাথমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে উঠে এলে স্কুল খুলে যাবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল
আলম জানান, মৃদু শৈত্য প্রবাহের বিষযটি অবগত হওযার পর বিদ্যালয়গুলো পরবর্তী নির্দেশ
না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে খবর নিয়ে জানা যায়, সকাল ৮টা
থেকে নির্ধারিত ক্লাস শুরু হয় বিদ্যালয়গুলোতে। বেলা পৌনে ১১টার দিকে চিঠি পাওয়ার পর
শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।
এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি উচ্চ বালিকা
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. আব্দুল মান্নান বলেন, নির্দেশনা না পাওয়ায়
যথারীতি বিদ্যালয়ের পাঠদান শুরু করেছিলাম। পরে সকাল পৌনে ১১ টায় চিঠি পাওয়ার পর বন্ধ
ঘোষণা করা হয়।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে।










