টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে ছিলেন।
২০২১ সালের ২৮ জুলাই উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের মেয়াদ শেষ হলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এআরএম সোলাইমান উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।
অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক যোগদান করেন। ১৯৮৮ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।










