কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়েছিল।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আন্তঃনগর কিশোরগঞ্জ ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বিকাল ৪টা ২০ মিনিটে কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে এসে পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। ফলে একই স্টেশনে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংয়ের জন্য আটকা পড়ে। এছাড়া ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।










