ঠাকুরগাঁওয়ে ধানক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে জেলার রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও তার ছেলে আব্দুল কাদের (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আব্দুল কাদের বাড়ির পাশে ধানক্ষেতে সেচ দিতে যান। অন্ধকারে সেচঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় মা আফরোজা বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে খুঁজতে থাকেন। আব্দুল কাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে স্পর্শ করতে গিয়ে আফরোজাও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থালে মারা যান।
আফরোজার সঙ্গে থাকা নাতির চিত্কারে লোকজন ছুটে গিয়ে মা-ছেলের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়। যেহেতু বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন, তাই থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।










