পাবনা সদর উপজেলায় শাহীন হোসেন (৩০) নামের এক যুবককে হত্যার দায়ে তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
নিহত শাহীন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কাশিনাথপুর চরপাড়া গ্রামের মো. শাহেদ আলীর তিন ছেলে মো. বাবু (৩৮), মো.
মোস্তফা (৩২) ও মো. আবু (৩৫)। সাজাপ্রাপ্ত সবাই পলাতক।
মামলার এজাহারে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই রাতে কাঠমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে মালঞ্চির রামানন্দপুরের কালভার্ট সড়কে পৌঁছামাত্র আসামিরা শাহিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী সিমা খাতুন ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে সাতজনকে বাদ দিয়ে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।










