চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই সিএনজি অটোরিকশা যাত্রী। তাদের একজন বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০)। তবে অন্য যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ।

তিনি জানান, কানসাট থেকে ছেড়ে যাওয়া ট্রলির সঙ্গে পুশকনী এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৭০ বছর বয়সী এক নারী ও আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ মারা যান। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন। নারীর পরিচয় পাওয়া গেলেও পুরুষ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।