রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ইউনিটটিতে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট অন্তর্ভুক্ত। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ধরা হয় ৪০। দুটি গ্রুপ মিলিয়ে এবার গড় পাসের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭ দশমিক ৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০ দশমিক ২৫ শতাংশ।

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বি’ ইউনিটে পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ জন উত্তীর্ণ হয়েছে। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। এ ইউনিটে আসন সংখ্যা ৫৫৯।