মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান বাংলাদেশে নেই সাফ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, মোহাম্মদপুরে দুই পক্ষ পুলিশের সামনে আপস নামায় স্বাক্ষর করায় এ ঘটনাকে চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে এবং সেই কারণে এ বিষয়ে আর কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে যে, মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো স্থান বাংলাদেশে নেই, এবং নারীর প্রতি সহিংসতা বা অন্য কোনো ধরনের অযৌক্তিক আচরণ সরকার সমর্থন করে না।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা যোগ করেন, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আপস মীমাংসা কতটা আইনসিদ্ধ তা অপরাধের মাত্রার ওপর নির্ভর করবে। উভয় পক্ষ একে কথা কাটাকাটির ঘটনা হিসেবে দেখছেন এবং মীমাংসা করেছেন, তাই সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না।
পরিবেশ উপদেষ্টা জানান, পিএসসি’র মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটার মূল উদ্দেশ্যে হচ্ছে গ্রামগঞ্জে মানুষ আসলে চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায়, এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা দুটো দেশ থেকে বর্তমানে এলএনজি আমদানি করছি। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে আরামকো বলে একটি বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বাজারে যেই দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তার মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ। যেটা বেশ ভালো একটা হার। এ সময়কালে জারি করা অধ্যাদেশ ২০টি, অনুমোদিত নীতিমালা ২টি, দ্বিপাক্ষিক/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।
উপদেষ্টা বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বিশ্বের অনেক দেশে পণ্যের গায়ে লেখা থাকে। যাতে যারা ওই খাদ্য গ্রহণ করছেন তারা জেনেই ওই খাদ্য গ্রহণ করেন। সিদ্ধান্ত হয়েছে যে, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য করে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করব।
তিনি আরও বলেন, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল। আজকের বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।










