আমন উৎপাদন মৌসুমে বরিশাল জেলায় ৮৩ হাজার ৫০০ কৃষককে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য ৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা অধিক প্রণোদনা দেয়া হয়েছে। উৎপাদিত ফসলের মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল বোরো, ভুট্টা, সরিষা, খেসারি, মুগ, গম, সূর্যমুখী, তিল, বাদাম, সয়াবিন ও মসুর ডাল।
বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত আমন মৌসুমে ১ লাখ ২৬ হাজার টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু সরকারি সহায়তার ফলে মৌসুম শেষে ১ লাখ ২৭ হাজার ৫০০ টন ধান উৎপাদিত হয়েছে। পাশাপাশি কৃষক গত বছরের চেয়ে এ বছর দামও বেশি পাচ্ছেন। এ বাস্তবতায় চলতি বছর ৩ হাজার ২৪৮ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা দিয়ে ৭০ হাজার হেক্টর জমিতে বোরো চাষ সম্ভব হবে। এবার বরিশাল জেলায় সমলয় পদ্ধতিতে বাবুগঞ্জ ও গৌরনদীতে ১০০ একর জমিতে বোরো ধানের আবাদ করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে সঠিক সময়ে, স্বল্প খরচে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা। এতে একই সঙ্গে এক জায়গায় বপন, রোপণ, কর্তন, মাড়াই এবং ঝারাইয়ের কাজ খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে করা সম্ভব হচ্ছে।










