ময়মনসিংহে মেঘনা গ্রুপের ডিপোয় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত চার হাজার লিটার সয়াবিন তেলসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জামাল হোসেন, নজরুল ইসলাম, আবু সাঈদ সৈকত ওরফে শওকত, বাদল ওরফে আসলাম, মো. ইন্তাজ আলী, মো. রাকিব, মো. ইউনুছ ও মো. আবুল কালাম। এর মধ্যে ইন্তাজ আলী, নজরুল ইসলাম, শওকত ও আসলাম ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোয় ২২ সেপ্টেম্বর রাতে ২৫-৩০ ব্যক্তির একদল ডাকাত কর্মচারী পরিচয়ে প্রবেশ করে। পরে পাহারাদারদের হাত-পা বেঁধে একটি ট্রাকে করে ৮ হাজার ৩৮৮ লিটার সয়াবিন তেলের ড্রাম, নগদ ২ লাখ ১১ হাজার টাকাসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালপত্র লুটে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করে মেঘনা গ্রুপ। পরে পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক দফায় আট ডাকাত সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের দলনেতা জয়নাল। তার অধীনে ডাকাত দলে ২৫-৩০ জন সদস্য রয়েছেন। এরা দিনে পিকআপ চালানোসহ নানা পেশায় জড়িত থাকলেও জয়নালের নেতৃত্বে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকেন।










