ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে জয়পুরহাট চিনিকলে ২০২১-২২ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। গতকাল বিকালে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন সংসদ সদস্য সামছুল আলম দুদু।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বাণিজ্যিক পরিচালক যুগ্ম সচিব আনোয়ার হোসেন, বিএফআইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোহসীন আলী, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আখতার হোসেন প্রমুখ।
চলতি মৌসুমে ৩০ হাজার টন আখ মাড়াই হবে জয়পুরহাট চিনিকলে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট এলাকার ২৫ হাজার টন আখ ও রংপুরের মহিমাগঞ্জ চিনিকল এলাকার ৫ হাজার টন আখ। এ আখ মাড়াই করে ১ হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, গতবারের মতো এবারো মিলগেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৩৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৩৪৩ টাকা দরে আখ কেনা হবে। মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চাষীদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।










