গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম, রাজবাড়ী, মুন্সিগঞ্জ ও গাইবান্ধায় আরো ছয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

গোপালগঞ্জ: বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গতকাল দুপুরে একটি ইজিবাইক মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলেন কয়েকজন। এ সময় গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস সামনে থেকে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন ছয়জন। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান। ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)।

কুড়িগ্রাম: জেলার রাজারহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুই সহোদর নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল হক (৬৫) ও তার ভাই তাজরুল ইসলাম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই ভাই কাজ শেষ করে ইট ভাঙার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

রাজারহাট থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজবাড়ী: জেলায় পৃথক সড়ক দুর্ঘনায় দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে ও বিকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিন সরদারের স্ত্রী সাহিদা খাতুন (৭২) ও খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে অনিক (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গোয়ালন্দ মোড় এলাকায় একটি নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে বিকালে সদর উপজেলার আলীপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অনিক মিয়া আহত হন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ: গজারিয়ায় বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ভাংচুর করা হয় স্টার লাইন পরিবহনের তিনটি বাস। পরে প্রশাসনের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয় মহাসড়কে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী আক্তার (১৪) গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের হানিফ মিয়া মেয়ে বলে জানিয়েছে পুলিশ। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন জানান, শিক্ষার্থীদের অবরোধের মুখে কিছু সময় মহাসড়কে যানযাহন চলাচল বন্ধ ছিল। পরে তারা মহাসড়কে থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে ট্রলির ধাক্কায় লাকি খাতুন (১৫) নামে এক বাক প্রতিবন্ধী কিশোরী নিহত হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার ফুলপুকুরিয়ার কাদুনি পুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি খাতুন উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া কাদুনি পুকুর গ্রামের আবু মুসার মেয়ে। রাস্তা পারাপারের সময় ইটবোঝাই ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রলিটি আটক করে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।