কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নাজিম খান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মালেক পাটোয়ারী নয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশুর নাম মাহাদী (১৩) ও ফারাবী (১২)। তারা উপজেলার নাজিম খান ইউনিয়নের আলসিয়াপাড়া এলাকার সাজিদুল ইসলাম সাজু ও সোহান মিয়ার ছেলে। সাজিদুল দেশের বাইরে আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি খাল থেকে মাটি উত্তোলন করে নিহতের পরিবার। সেই গর্তে জমা পানিতে দুপুরের দিকে দুই শিশু পড়ে যায়। পরিবারের লোকজন তাদের কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ অফিশিয়ালভাবে আমাকে জানায়নি।’