আগামী ১৫ জানুয়ারি শুরু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও অন্যান্য আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেপুটি রেজিস্ট্রার বলেন, এর আগে প্রাধ্যক্ষ কমিটির সভায় ১ জানুয়ারি থেকে ক্লাস শুরুর সুপারিশ করা হয়েছিল। কিন্তু নবনির্মিত আবাসিক হলে জনবল সংকট সমাধান না হওয়ায় আপাতত তা সম্ভব হচ্ছে না। এজন্য ১৫ জানুয়ারি থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে ৫৮ ও জীববিজ্ঞান অনুষদে ৩১টিসহ মোট ১১২টি আসন শূন্য রয়েছে। আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর এসব আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট।