ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ক্যান্টিনে নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার রান্না ও পরিবেশনের অভিযোগে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে পোকাযুক্ত নষ্ট ভাত দেখে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেন। এ সময় ক্যান্টিনের ম্যানেজার মোবারকের সঙ্গে শিক্ষার্থীদের বাক বিতণ্ডার ঘটনা ঘটে। পরে সিনিয়র শিক্ষার্থীদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কবি জসীম উদ্দীন হলের ক্যান্টিন মালিক মোবারক সাধারণ শিক্ষার্থীদের মানহীন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে। এ বিষয়ে তাকে বারবার সতর্ক করেও কোন কাজ হয়নি। খবর পেয়ে হল প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুর রশীদ এবং হল ছাত্রলীগ সভাপতি সুমন খলিফা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ আবাসিক শিক্ষকরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পায়। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ বলেন, হল ক্যান্টিন আপাতত বন্ধ রেখে নতুন ক্যানটিন ম্যানেজার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য আবাসিক শিক্ষকদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।










