মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওরের চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার মাছ মরে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বিল থেকে কয়েক লাখ টাকার মরা মাছ উঠানো হয়েছে। গত ২৮ অক্টোবর দিবাগত রাতে বিলে বিষ দেয় দুর্বৃত্তরা। এরপর তিনদিনে কয়েক লাখ টাকার মাছ মারা পড়ে।

ইজারাদার সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, হাকালুকি হাওরপাড়ের তালিমপুর ইউনিয়নের দক্ষিণ মুর্শিদাবাদকুরা মৎস্যজীবী সমবায় সমিতি চৌ-ঢালু উগলা কালাচান্দের ঢর বিলটি কয়েক বছর আগে ইজারা পায়। এরপর এ সমিতি বিলে মাছের পোনা অবমুক্ত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করছে। গত ২৮ অক্টোবর দিবাগত রাতে একদল দুর্বৃত্ত দেশীয়-অস্ত্রশস্ত্রসহ বিলের চারদিক ঘিরে পানিতে বিষ ঢেলে দেয়। এ সময় বিলের মাঝখানে থাকা পাহারাদাররা বিষয়টি বুঝতে পেরে চিত্কার দেয় এবং বিষয়টি সেলফোনে ইজারাদার সমিতিকে জানায়। এরপর ইজারাদারের লোকজন এলাকা থেকে বের হলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। তখন ইজারাদারের লোকজন দেখতে পান বিলের পানিতে মাছ মরে ভেসে উঠছে। তারা ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে রাতেই বড়লেখা থানার এসআই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর গত চারদিনে বিলের প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গিয়েছে।