বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় বলে জানা গেছে। গতকাল দুপুর পৌনে ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, দুপুরে শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।