নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। সোমবার (২১ জুলাই) সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোমেনা খাতুন (৫০) সায়দাবাদ গ্রামের বাসিন্দা আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রায়পুরার চরাঞ্চলের সায়দাবাদ ও বালুরচর গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার ভোরে বালুরচর গ্রামের কিছু লোকজন সায়দাবাদে এসে অতর্কিত হামলা চালায়। ওই সময় সংঘর্ষে মোমেনা খাতুন নিহত হন এবং আরো প্রায় পাঁচজন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে উত্তেজনা এখনো বিরাজ করছে।
এ বিষয়ে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সুজন চন্দ্র সরকার বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।










