সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত ও শপথ গ্রহণকারী নুরুল হক নুর, জোনায়েদ সাকি ও রুমিন ফারহানা।

বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জোটের আরেক শরিক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এমপি হয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে।

নুরুল হক নুর শপথ নেন গতকাল বেলা ১টা ৩৫ মিনিটে। এ সময় নুর, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ছয়জন নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

জোনায়েদ সাকি সংসদ সদস্য হিসেবে শপথ নেন বেলা পৌনে ২টায়। তিনিও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর সঙ্গে শপথ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার সময় তিনি সেখান থেকে চলে যান।

সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ প্রথমে পড়ানো হয়। বেলা পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর এক এক করে অন্যান্য দলের সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।