নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ থেকে বের করে দেয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদলকে। প্রতিনিধিদরটির নেতৃত্বে ছিলেন মুফতি আবুল হাসানাত আমিনী। মূলত একই দলের অপর অংশের আপত্তিতে তাদের চলে যেতে বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তা ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সংলাপ শুরুর কথা থাকলেও দলগুলোর প্রতিনিধিরা আগেই নিজ নিজ আসনে অবস্থান করেন।সংলাপ শুরুর কয়েক মিনিট আগে সেখানে প্রবেশ করেন ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজিসহ প্রতিনিধিদল। এসময় আগে থেকে আসন গ্রহণ করা অংশ মুফতি আবুল হাসনাত আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের আরেক অংশকে লক্ষ্য করে “ফ্যাসিবাদের দোসর” আখ্যায়িত মুফতি সাখাওয়াত হোসেন রাজি।

সাখাওয়াত হোসেন রাজি বলেন, ‘তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।’

এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ দুই পক্ষের প্রতিনিধিদের কাছে নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র দেখতে চান। সাখাওয়াত হোসেন রাজি আমন্ত্রণপত্র দেখালেও হাসনাত আমিনীর নেতৃত্বাধীন অংশ তাদের আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে পারেনি। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “হার্ডকপি না থাকলে আপনারা চলে যান।’

চলে যাওয়ার সময় দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তে আমাদের বের করে দিয়েছে। অথচ নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধন রয়েছে।’ সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।