ঈদের ছুটিতে বাড়ি ফিরছে কর্মজীবী নানা শ্রেণী-পেশার মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। সর্বশেষ হিসাবে বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর টাঙ্গাইল অংশে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ১৭ হাজার ২৫৬টি যানবাহন পারাপার করেছে। টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে ১২ হাজার ৯৯৫টি যানবাহন পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী পাভেল জানান, ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ততই বাড়ছে অতিরিক্ত যানবাহনের চাপ। ভোগান্তি রোধে সেতুর টাঙ্গাইল অংশে ১১টি ও সিরাজগঞ্জ অংশে নয়টি টোল বুথ কাজ করছে।