সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। আজ রোববার জারি করা মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
আরো বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। সেইসঙ্গে বিষয়টিকে গুরুত্বপূর্ণ ও অনতিবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে।
পরিপত্রের অনুলিপিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং সব বিভাগীয় কমিশনার, ডিসি এবং ইউএনওদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।










