জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার (২১ অক্টোবর) ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের ২য় সভায় এ নিয়োগ প্রদান করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান, উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।
এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সূচনা লগ্নে এর সভাপতি হিসেবে দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে।









