নেত্রকোনার কেন্দুয়ায় প্রায় আট মাস আগে খুন হওয়া শিশু নয়ন হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। নয়ন স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত।

আজ শনিবার (১৭ জুন) পিবিআই জানায়, একটি খুনের আসামিরা প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজেদের পক্ষের ওই শিশুটিকে হত্যা করে। হত্যার সময় নয়নের পায়ের রগ কেটে ফেলাসহ অন্তত ১৭টি আঘাত করা হয়।

গত বছরের ৬ নভেম্বর রাতে নয়নকে হত্যা করা হয়। এ ঘটনায় উপজেলার নয়াগাঁও ইউনিয়নের পানগাও গ্রামের আসাদুজ্জামান নামের এক যুবককে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসে এসব তথ্য।

জেলা পিবিআইয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। তিনি বলেন, ২০১৭ সালে একই গ্রামে রহিমা নামে এক নারী খুন হন। ওই খুনের শামছুল হক, আসাদুজ্জামান ও তার লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এর জেরে রহিমার পক্ষের রায়হান, মোজাহিদদের ফাঁসাতে নয়নকে খুন করে আসাদুজ্জামান ও শামছুল হকের লোকেরা।

গত ফেব্রুয়ারি মাসে নয়ন হত্যা মামলার তদন্ত শুরু করে পিবিআই। তদন্তের এক পর্যায়ে বৃহস্পতিবার আসাদুজ্জামানকে গ্রেফতার করে পিবিআই। শুক্রবার পিবিআইয়ের হেফাজতে জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান নয়ন হত্যার বিস্তারিত বিবরণ দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রামের জঙ্গল থেকে হত্যায় ব্যবহৃত ছুড়িটি উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় জাড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।