ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পাঁচতলা ভবনে আগুন লেগে জুবায়ের (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা-বাবা ও ভাইসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শিশুটির মা-বাবা ও ভাইসহ গুরুতর চারজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরচারতলা ইউনিয়নের শরিয়তনগর গ্রামের কোহিনুর সিনেমা হল রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মৃত জুবায়ের ওই ভবনের ভাড়াটিয়া মকবুল হোসেনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচলক তৌফিকুল ইসলাম ভূইয়া। তিনি জানান, আলাই মিয়ার পাঁচতলা ভবনের নিচ তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে অন্য ফ্ল্যাটের লোকজন ছাদে অবস্থান নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শিশুটির বাবা মকবুল হোসেন, মা রেখা বেগম ও বড় ভাই হৃদয়সহ চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।










