যারা প্রবাসে কাজ করতে যান তাদের অর্থ সংগ্রহ করতে বাড়ি-জমি বিক্রি করে যেতে হয়। আমরা ইনশাআল্লাহ সরকারে আসলে তাদের জন্য ক্ষুদ্র ঋণ দেবার ব্যবস্থা করব, যেন তারা দেশের জন্য গঠনমূলক কাজ করতে পারেন। এ প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারেক রহমান আজ সোমবার তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের খেলার মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সন্তান হিসেবে শিখেছি যে, আমাদের দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। এ কাজ অন্য কেউ করে দেবে না। তারা এমনটাই বলতেন এবং সে অনুযায়ী কাজ করেছেন। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে নিজের দেশকে গড়ে তুলি।

জনসভায় তারেক রহমান আরো বলেন, বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান করতে হবে। এত বড় সংখ্যক তরুণ যুবকদের বেকার রেখে দেশকে পুনর্গঠন করা যাবে না। আমরা তাই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই।

তিনি আরো বলেন, দেশে বিদেশে ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা কাজ করতে বিদেশে যেতে চান তাদের অর্থ সংগ্রহ করতে ভিটেমাটি বিক্রি করে যেতে হয়। আমরা ইনশাআল্লাহ সরকারে আসলে তাদের জন্য ক্ষুদ্র ঋণ দেবার ব্যবস্থা করব, যেন তারা দেশের জন্য গঠনমূলক কাজ করতে পারেন।

বনানীর জনসভার পর তারেক রহমান এখন গিয়েছেন ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে। এছাড়াও তিনি আজ ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোড, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠ এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে নির্বাচনী জনসভায় যোগদান করবেন।