রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

ইশতেহারে সাতটি বিষয়ে ‘হ্যাঁ’ বলেছে প্যানেলটি। সেগুলো হলো শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস, তথ্যসেবা ও আধুনিকায়ন, সব অংশীজনের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি ও সুচিকিৎসা নিশ্চিতকরণ।

অন্যদিকে ৫০ টাকা হল ফি, হল দখল ও সিট-বাণিজ্য, ট্যাগিং ও ফ্রেমিংয়ের রাজনীতি, ফ্যাট-শেমিং-সাইবার বুলিং ও শারীরিক নির্যাতন, ধর্মবিদ্বেষ, মাদক ও ছিনতাই, সন্ত্রাস ও সহিংসতার বিষয়ে ‘না’ বলেছে প্যানেলটি।

এছাড়া ইশতেহারে ১২ মাসে ২৪টি সংস্কারের কথা জানিয়েছে প্যানেলটি। এ প্রসঙ্গে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘এটি আকাশকুসুম কোনো প্রস্তাবনা নয়। আমরা এ সংস্কার বাস্তবায়ন করব। এছাড়া এর জবাবদিহিতার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব।’

সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘আমরা যে ইশতেহার দিয়েছি, তার একটি চার্ট ক্যাম্পাসে টানিয়ে দেব। প্রতি মাসে যে দুটি ইশতেহার পূরণ হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।’

সম্মিলিত শিক্ষার্থী জোটের ইশতেহারে রয়েছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন; মানসম্মত খাবারের নিশ্চয়তা; অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংস্কার; শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ; লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার; শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ; প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশনসহ ২৪টি দফা।

সংশোধিত তফসিল অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে প্রচার কার্যক্রম। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।